বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইনছান আলী (৩৮) ও তার এক সহযোগীকে অস্ত্র এবং মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার রাতে উপজেলার জোড়া মণ্ডলপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে । ইনছান উপজেলার জোড়া মণ্ডলপাড়ার মোখলেছুর রহমানের ছেলে । তার সহযোগী রিফাত হোসেন (২৬) বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার ফরিদ উদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ইনছান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় ইনছান ও রিফাতকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করে পুলিশ। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি চাপাতি গাঁজা, অ্যালকোহল, বিয়ার এবং মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় শাজাহানপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে ইনছান আলীকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ৪ রাউন্ড শর্টগানের গুলি, ১৩টি ২২ বোরের গুলি, ১০টি চাপাতি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছিল জেলা ডিবি পুলিশ । তার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতা রেক্কাত হত্যা মামলাসহ অর্ধডজন মামলা রয়েছে।
ইত্তেফাক/ আরকেজি
