কপোতাক্ষ নদে ফের পলি জমছে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২২:১১

খননকৃত কপোতাক্ষ নদে ফের পলি ভরাট হয়ে পড়ছে। এরফলে আবারো মরণদশার মুখে পড়ছে ৯০ কিলোমািটর দীর্ঘ এ নদ। সঠিক সময়ে কপোতাক্ষর তালা উপজেলার পাখিমারা বিলের টিআরএম প্রকল্পে ক্রসড্যাম না দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। কপোতাক্ষ অববাহিকার প্রায় ২৫ লাখ জনগোষ্ঠী আবারো ভয়াবহ জলাবদ্ধতার শিকার হতে পারেন বলে তারা আশঙ্কা করছেন।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা জানান কেন্দ্রীয় পানি কমিটির কর্মকর্তারা। তারা বলেন, ২৬২ কোটি টাকা ব্যয়ে কপোতাক্ষ খননের পর ২০১৭ সালে তালার পাখিমারা বিলে চালু করা হয় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট, জোয়ারাধার) প্রকল্প। নিয়ম অনুযায়ী কপোতাক্ষে ভেসে আসা পলি পাখিমারা বিলে পড়ে। এতে নদী যেমন সচল থাকে তেমনি বিলসমূহ পলিমাটি ভরাট হয়ে চাষযোগ্য হয়ে ওঠে।