মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের কারণে ১৫৫ জন নিখোঁজ রয়েছে। রবিবার থেকে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এছাড়া প্রায় ২ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে।
নিহতদের ১১ জন উত্তর ক্যালিফোর্নিয়ার সোনোমা কাউন্টির বাসিন্দা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সান্টা রোসা শহর যেখানে পুরো এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সোনোমা কাউন্টির শেরিফের কার্যালয় জানিয়েছে, ১৫৫ জন দাবানলে নিখোঁজ রয়েছে। তবে এটা বিশৃঙ্খলভাবে মানুষ আক্রান্ত এলাকা থেকে সরে যাওয়ার কারণেও হয়ে থাকতে পারে।
সোনোমার পার্শ্ববর্তী নাপা কাউন্টিতে নিহতদের মধ্যে শতবর্ষী দম্পতি রয়েছে, স্বামী চার্লস রিপ্পির বয়স ১০০ স্ত্রীর সারাহর বয়স ৯৮। দাবানলটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর অন্যতম। প্রায় ১০০ কিলোমিটার দূর পর্যন্ত এর ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের প্রধান কেন পিমলট বলেন, ১৭টি আগুন ১ লাখ ১৫ হাজার একর জুড়ে ছড়িয়ে গেছে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
