মাগুরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২২:২৬

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা

রবিবার রাতে মহম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত এবং আওয়ামী লীগের দুটি অফিসসহ ১৮টি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও রাজাপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল হালিম মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। ঘটনার রাতে গঙ্গানন্দপুর বাজারে চায়ের দোকানে কাসেম সমর্থক বাকির সাথে হালিম মোল্যার সমর্থক শফিকের বসা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহম্মদপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকার বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।