কিরগিজস্তানের রাজধানী বিশকেকে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলাদেশ-কিরগিজস্তানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ২৫ বছর পূর্তি উদযাপনে মঙ্গলবার থেকে কিরগিজস্তানের ঐতিহাসিক ও গুরুত্বপুর্ণ সিনেমা হল চিঙ্গিজ আইতামোভ হলে তিনদিনব্যাপী এই ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়।
উল্লেখ্য, চিঙ্গিজ আইতামোভ একজন বিশ্ববিখ্যাত লেখক।
ফেস্টিভ্যালের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কিরগিজস্তানের উপ সংস্কৃতি মন্ত্রী বেকতেনালিয়েভ মুকতালি আবদিবেকভিচ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক উলান জুসুপোভ। এছাড়া বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি, কিরগিজ সিনেমা জগতের কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
IMG0
কিরগিজস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান তার বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থনের জন্য কিরগিজস্তানকে ধন্যবাদ জানান। কিরগিজ সরকারের প্রতিনিধিরা বিশকেকে এই ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তারা বলেন, এতে দুই দেশের সম্পর্ক শক্তিশালী হবে।
IMG1
মঙ্গলবার জহির রায়হানের স্টপ জেনোসাইড ও তানভির মোকাম্মেলের চিত্রা নদীর পাড়ে দেখানো হয়। চিত্রা নদীর পাড়ের পরিচালক তানভীর মোকাম্মেল এই সময় উপস্থিত ছিলেন এবং সেখানে বক্তব্য রাখেন। ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন বুধবার তারেক মাসুদের মাটির ময়না ও তৃতীয় দিন বৃহস্পতিবার তানভির মোকাম্মেল পরিচালিত জীবনঢুলী প্রদর্শন করা হবে।
ইত্তেফাক/সাব্বির
