অস্ট্রেলিয়ার টিম বাসে হামলা : আটক ২

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২২:১৫
অস্ট্রেলিয়ার টিম বাসের ওপর হামলার ঘটনায় ২ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। হামলার তীব্র নিন্দা করেছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। 
 
মঙ্গলবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি-২০ ম্যাচ ছিল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। খেলায় ভারতকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।  অজি দল যখন হোটেলে ফিরছিল তখন তাদের বাস লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। 
 
এতে ওই বাসের একটি জানলার কাচ ভেঙে যায়। ওই জানলা-সংলগ্ন আসনে কোনো ক্রিকেটার বা স্টাফ ছিলেন না। আসনটি ফাঁকা থাকায় কোনো ক্ষতি হয়নি। 
 
এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। টুইটারে তিনি লেখেন, ভীষণই দু্র্ভাগ্যজনক ঘটনা। একটা দুর্দান্ত ম্যাচের পর গুয়াহাটির ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই এই হামলা করা হয়েছে। 
 
হামলার জন্য ক্ষমাও চেয়ে নেন মুখ্যমন্ত্রী। বলেন, আমরা ক্ষমা চাইছি। আসামের মানুষ এ ধরনের ব্যবহার সমর্থন করেন না। আমরা দোষীদের শাস্তি দেব। 
 
ঘটনার নিন্দা করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। তিনি বলেন, বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
 
 
ইত্তেফাক/ইউবি