পাবনায় আওয়ামী লীগ নেতা তারেক আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই মামলায় দুইজনকে খালাস দেয়া হয়েছে। পাবনার স্পেশাল জজ আদালতের বিচারক বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বকশীপুর গ্রামের আব্দুল হামিদ খাঁর ছেলে আতিক হোসেন (৩৮), গয়েশপুর ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের তাহের আমিনের ছেলে মকবুল হোসেন (৫৫), জোতগড়ি জালালপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আসলাম উদ্দিন (৩৭) এবং মনোহরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে তুরি কানা (৫৫)।
মামলার সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার আহমেদ রকিব জানান, ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার জালালপুর বাজারে প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগ নেতা তারেক আলীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। হত্যার পর তার ভাই হারুন খাঁ বাদী হয়ে সদর থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার পাবনার স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক লিয়াকত আলী মোল্লা এজাহারভুক্ত চারজনকে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে বেকসুর খালাস দেন।
মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট খন্দকার আহমেদ রকিব ও আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সনৎ কুমার রায়। সাজাপ্রাপ্ত আসামিরা সবাই বর্তমানে পলাতক রয়েছেন।
ইত্তেফাক/জামান
