সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২২:৩৩

চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের জন্য হলিডে মার্কেট চালুর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে সোমবার জেলার নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার।

কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদাদাতা ২০১৯-২০ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ উপজেলায় ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীর মাঝে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে সার ও বীজ বিতরণের সময় উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এছরারুল হক প্রমুখ।

আইনশৃঙ্খলা বিষয়ক সভা

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা পলাশবাড়ীতে সোমবার আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন—সাবেক এমপি তোফাজ্জল হোসনে সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা জাসদ (ইনু) সভাপতি নুরুজ্জামান প্রধান প্রমুখ। সভায় পলাশবাড়ী যানজট নিরসনে চৌমাথা থেকে ৪টি বাসস্ট্যান্ড স্থানান্তর, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

আর্সেনিকোসেস প্রতিরোধ বিষয়ক কর্মশালা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন প্রোগ্রামের আওতায় আর্সেনিকোসিস প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা হয়েছে সোমবার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মন্ডল। আরো ছিলেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রুবাইয়া ইয়াসমীন প্রমুখ।

বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ফকিরহাটে সোমবার ১৩০ জন চাষির মাঝে বিনামূল্যে সার, বীজ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা মিলনায়তনে সার-বীজ বিতরণকালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ চাষিদের উত্সাহ বৃদ্ধিতে আউশ ধানের সফল চাষিকে পুরস্কৃত করা হবে বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দিপক কুমার রায়, কৃষিবিদ নাছরুত মিল্লাত প্রমুখ।

শাবিতে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি

শাবি প্রতিনিধি বেতন-ফি বৃদ্ধি বন্ধ, ক্যাফেটেরিয়ার খাবারের দাম কমানো, আবাসন ও পরিবহন সংকট নিরসনসহ এগার দফা দাবিতে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাবে এক প্রেস কনফারেন্স এ কথা জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মাদ মিয়া। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নাযিরুল আযম বিশ্বাস, সহ-সভাপতি তৌহিদুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইউশা রশিদ ইফাস প্রমুখ।

আইন-শৃঙ্খলা সন্ত্রাস ও নাশকতা কমিটির মাসিক সভা

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা কালিয়াকৈর উপজেলা আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন মো. আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছিম কবীর, চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সেতু প্রমুখ।

গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা নিয়ে রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রতিযোগিতায় ছেলে শিক্ষার্থীদের জন্য হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাগুলোর মধ্যে ছিল মোরগ যুদ্ধ, ব্যাঙ দৌড়, বস্তা দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, দৌড়, তিন পায়ে দৌড়, মেয়েদের ছিল দড়ি খেলা, চেয়ার খেলা, কলস মাথায় দৌড়, সুচে সুতা পড়িয়ে দৌড়, মোমবাতি প্রজ্বলন করে দৌড়, চামচে মার্বেল নিয়ে দৌড়সহ আরো অনেক গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা।

নিরাপদ মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা মহাদেবপুরে নিরাপদ মাছ চাষের উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় সোমবার। উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে অনুষ্ঠিত প্রশিক্ষণে এনজিও আশার আয়োজনে ৩০ জন মত্স্য চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন আশার কেন্দ্রীয় সহকারী পরিচালক সবুজ কুমার চৌধুরী, নওগাঁ জেলা মত্স্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, মহাদেবপুর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ প্রমুখ।