আমলাতান্ত্রিক জটিলতায় উন্নয়ন কাজে বেগ পেতে হচ্ছে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২২:৩৫

নতুন সংযুক্ত ওয়ার্ডগুলোতে আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করে মডেল শহর করার ঘোষণা দিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, সংযুক্ত ওয়ার্ডগুলোকে আধুনিক শহরে রূপান্তর করতে কিছুটা সময় লাগবে। এটা আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা। সংযুক্ত ওয়ার্ডগুলোকে নতুন প্রজন্মের জন্য মডার্ন সিটি হিসেবে দেখতে চাই। গতকাল সোমবার ডিএসসিসির ব্যাংক ফ্লোর সেমিনার কক্ষে নবগঠিত ১৮টি ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র সাঈদ খোকন বলেন, আমাদের জনবল সঙ্কট রয়েছে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের উন্নয়ন কাজে বেগ পেতে হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার জন্য আমলাদের প্রতি আহ্বান জানাচ্ছি। যত দ্রুত সম্ভব এই আমলাতান্ত্রিক জটিলতা দূর করে সেবার পথ খুলে দেওয়া হোক। আমরা জনগণের ভোটে নির্বাচিত। তাই জনগণের কাছে দায়বদ্ধ এবং ঋণী। সেবা দিয়েই এ ঋণ শোধ করতে হবে।

তিনি বলেন, আমরা ৪০ শতাংশ জনবল নিয়ে কাজ করছি। দীর্ঘ চার বছরেও আমরা জনবল সঙ্কট কাটিয়ে উঠতে পারিনি। জনবল কাঠামো অনুমোদন না হওয়া অনুতাপের বিষয়। অনেক বছর ধরে আমরা কম জনবল নিয়েই কাজ করে আসছি। আমাদের পাশাপাশি উত্তর সিটি ও রাজউকের অবস্থাও একই। এসব সমস্যা সমাধানে একটি শক্তিশালী কর্তৃপক্ষ দিয়ে আমরা সেবা নিশ্চিত করতে পারি।

রাজউকের পুরান ঢাকার রি-ডেভেলপমেন্ট প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, গণপূর্ত মন্ত্রণালয়কে আগে পুরনো ঢাকার মানুষের আস্থা অর্জন করতে হবে। এজন্য সবার সঙ্গে মতবিনিময় করা যেতে পারে। আস্থা না নিয়ে কাজ করলে যেকোনো সমস্যা হতে পারে।

সভায় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজী মো. সেলিম, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সচিব মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।