মওদুদের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলবে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২২:৪১

হাইকোর্টে আবেদন খারিজ

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার বিচার কার্যক্রম চলবে। ওই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে তার করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।

এর ফলে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ এই মামলার সাক্ষ্য গ্রহণে আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, মামলাটির সাক্ষ্যগ্রহণের এক পর্যায়ে তা স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন মওদুদ আহমদ। আবেদনে বলেছেন, উচ্চ আদালতে তার আর্থিক বিষয়ে মামলা আছে। সেগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুদকের মামলার কার্যক্রম বন্ধ রাখা হোক। হাইকোর্ট এ আবেদন খারিজ করে দিয়েছে।  সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর মওদুদ আহমদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করে দুদক। দীর্ঘ এক দশক মামলার কার্যক্রমের উপর হাইকোর্টের স্থগিতাদেশ ছিল। পরে হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিলে এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিশেষ আদালত।