যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের নাট্য ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেছেন, বাংলাদেশের মেধার সঙ্কট চলছে। পাঠ্যপুস্তকে হেফাজত ঢুকে পড়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে না পাল্টালে এ সঙ্কট কাটবে না। তিনি বলেন, 'সমাজের সিদ্ধান্তে রাষ্ট্র হস্তক্ষেপ করছে। পয়লা বৈশাখের অনুষ্ঠান সমাজের ছিল। কিন্তু রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করেছে। আর এভাবেই অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ এখন সাম্প্রদায়িক হয়ে পড়েছে।'
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউর স্টার কাবাব রেস্টুরেন্ট মিলনায়তনে 'নিউইয়র্ক অভিবাসী সাংস্কৃতিক সহযাত্রীদের সঙ্গে সম্মিলন' অনুষ্ঠানে এসব কথা বলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা আয়োজিত এ অনুষ্ঠানে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু আরো বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতিকে সাংস্কৃতিক রূপ দিয়েছিলেন। কিন্তু গত ৩০-৪০ বছরে আমরা সেখান থেকে সরে এসেছি। বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। থিয়েটারের সংখ্যা কমছে দিন দিন। দেশের সর্বত্র লাইব্রেরির সংখ্যাও কমছে দ্রুত। এই কঠিন বাস্তবতার মধ্যেও সাংস্কৃতিক কর্মীরা নেতৃত্ব দিতে পিছপা হচ্ছেন না।' এ প্রসঙ্গে তিনি বলেন, 'গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক কর্মীরা নেতৃত্ব দিয়েছিল এবং এই আন্দোলন সফল হয়েছে।'
কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ সাম্মুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুকে ফুলের শুভেচ্ছা জানান বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। এরপর তাকে নিয়ে সংশাবচন পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহ্বায়ক মিথুন আহমেদ। এরপর নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুকে উত্তরীয় পরিয়ে দেন রথীন্দ্রনাথ রায় ও মিথুন আহমেদ।
ইত্তেফাক/জামান
