তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন এবং তিনি কখন কোনো মামলার রায় দেবেন এ ব্যাপারে হস্তক্ষেপ করার এখতিয়ার সরকার রাখে না, হস্তক্ষেপও করেনি। এ ব্যাপারে বিএনপির নেতারা মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।
আজ শনিবার সকালে কুষ্টিয়া সাকির্ট হাউসে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার জোরপূর্বক প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছে বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আদালতের একটা রায়ে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করে, আরেকটা রায়ে বিক্ষোভ প্রকাশ করে। মূলত তারা আদালতের স্বাধীনতায় বিশ্বাস করে না।
নির্বাচনের আগে সংসদ বিলুপ্তি ঘোষণা করতে হবে বিএনপির এমন দাবির প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখনও মানসিক ভাবে ঠিক করতে পারেনি তারা নির্বাচন করবেন কি করবেন না। এই সব প্রস্তাব থেকে প্রমাণ হয় যে, তারা নির্বাচনটাকে বানচাল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে।
কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহসহ জাসদ, যুবজোটের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে
