জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, শিশুদের জন্য সঠিক পুষ্টি নিশ্চিত করতে অভিভাবকদের আরো মনযোগী হতে হবে।
আজ শনিবার যশোরের কেশবপুরে সুফলাকাটি উচ্চ বিদ্যালয় মাঠে সুফলাকাটি ও গৌরিঘোনা ইউনিয়নের ছাত্রছাত্রীদের টিফিন বক্স বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, শিশুদের বাড়ন্ত শরীরের জন্য প্রচুর পুষ্টির প্রয়োজন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের নির্দিষ্ট সময় পরপর ক্ষুধা লাগে। ক্ষুধার্ত অবস্থায় শিশুরা পড়ালেখায় মনোযোগী হতে পারে না। ক্ষুধা লাগলে তাদের অবশ্যই খেতে দিতে হবে।
তিনি এ সময় টিফিন বক্সে সবসময় কিছু খাবারসহ শিশুদের স্কুলে পাঠানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সুফলাকাটি ও গৌরিঘোনা ইউনিয়নের ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণির ১৮৪৭ ছাত্রছাত্রীকে টিফিন বক্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বক্তৃতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাসস
ইত্তেফাক/কেকে
