ইসলামপুরে সেনা সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে বিয়ে করতে গিয়ে পুলিশের কাছে আটক হয়েছেন এক প্রতারক। শনিবার উপজেলার মরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ময়মনসিংহ সদর থানার সেনের চর ভুইয়া পাড়া গ্রামের বাসিন্দা জবেদ আলীর ছেলে মতিন ওরফে ফিরোজ দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। প্রতারক ফিরোজ সেনা সদস্য পরিচয়ে দিয়ে শনিবার মরাকান্দি এলাকায় হারুন অর রশিদের শ্যালিকাকে বিয়ে করতে আসেন। এসময় তার আচরণ দেখে এলাকাবাসীর সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তাকে আটক করে।
তার কাছ থেকে সেনাবাহিনীর লুঘু সংবলিত পোষাক পড়া ছবি ও একাধিক আইডি কার্ড, পরিচয় পত্র, পাওয়া যায়। পরিচয়পত্রে মো. আব্দুল মতিন, আইডি নং-ইবি ৪৪১৫২৫ সেনা নং ৪০৫৩৫৫৮, পদবী-সৈনিক, ইস্যু তারিখ-৩০/০৫/১৫ প্রদানকারী কর্তৃপক্ষ ২৪ পদাদিক ডিভিশন উল্লেখ রয়েছে।
সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান বলেন, ফিরোজ দীর্ঘ দিন ধরে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিভিন্নস্থানে প্রতারণা করে আসছিলেন। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
