সনাতন ধর্মাবলম্বীদের রাঁস পূর্ণিমায় শ্রী-শ্রীমদ দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৭ তম আবির্ভাবকে ঘিরে পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিন ব্যাপী বাৎসরিক উৎসব শনিবার শুরু হয়েছে।
শনিবার সকালে হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহণে সংঘ পতাকা উত্তোলন শেষে প্রায় দেড় কিলোমিটার ব্যাপী এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,সাবেক ভাইস চেয়ারম্যান মনিরজ্জামান পল্টন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুণ্ডু, আশ্রমের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিপুল কৃষ্ণ ঘোষ ও শোভাযাত্রা উপকমিটির আহ্বায়ক মানিক লাল কর প্রমুখ।
উৎসবের প্রচার, তথ্য ও অনুসন্ধান উপকমিটির যুগ্ম-আহ্বায়ক সুব্রত রায় জানান, বিশ্ব চরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ্লানি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপণার্থে বিশ্ব শান্তি কামনায় ৫ দিন ব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে।
এতে সারাদেশের ভক্তবৃন্দসহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় লক্ষাধিক ভক্ত ও পূণর্থীর সমাগম ঘটবে। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলংকা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হবেন।
এরমধ্যে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা, দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবাদান, বিশেষজ্ঞ চিকিৎসক দারা বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা, সুরেন্দ্রনাথ দে স্মৃতি পাঠাগার পরিচালনা ও দৈনিক দরিদ্র নারায়ণ সেবা অন্যতম।
এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল আরতি, শ্রীমদ্ভাগবদ গীতা ও গুরুগীতা পাঠ, বস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, সরকারি হাসপাতালে দু:স্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা, ধর্ম সভা ও গীতি আলেখ্য ইত্যাদি। আগামী ২৮ নভেম্বর সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
ইত্তেফাক/বিএএফ
