ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে প্রাকৃতিক রূপবৈচিত্র্যের অপূর্ব লীলাভূমি সুনামগঞ্জ জেলার দুর্গম অঞ্চল সীমান্ত ঘেঁষা তাহেরপুর উপজেলার টেকেরঘাটে। সবুজ বনানী, পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্যের সাথে সঙ্গতি রেখে সাজানো মঞ্চে ধারণ করা হয় এবারের ইত্যাদি। শিকড় সন্ধানী ইত্যাদিতে সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের খুঁজে এনে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। যাতে তাদের কাজ দেখে অন্যরাও অনুপ্রাণিত হতে পারেন।
এছাড়াও গত প্রায় তিন দশক ধরে ইত্যাদি দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেশি-বিদেশি অচেনা-অজানা স্থানকে নিয়ে তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন করছে।

এবারের পর্বে রয়েছে সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। বাংলাদেশের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের এক অপরিহার্য নাম সুনামগঞ্জ। দেওয়ান হাছন রাজা, রাধারমণ দত্ত, দুর্বিন শাহ ও শাহ আব্দুল করিমসহ আরো বহু সাধকদের অমর সঙ্গীতে মুখরিত এই সুনামগঞ্জ। তাদের ওপর রয়েছে একটি তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন। ঢাকার আশুলিয়ার মাইনুল মাজেদিনের ঘড়ি সংগ্রহের ওপর রয়েছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। জার্মান প্রবাসী শৌখিন দূরপাল্লার দৌড়বিদ বাংলাদেশের নবাবগঞ্জের শিব শংকর পালের ওপর রয়েছে আরো একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন। যিনি শুধুমাত্র ইত্যাদিতে অংশগ্রহণের জন্য নিউইয়র্ক থেকে টেকেরঘাটে আসেন। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন। গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৩০ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আগামী ২ ডিসেম্বর রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
