জয়দেবপুর থানার ইন্সপেক্টর ক্লোজড

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ২০:০৯
 
গাজীপুরের জয়দেবপুর থানার ইন্সপেক্টর (লজেস্টিক অ্যান্ড কমিউনিটি পুলিশ) মো. আবুল কাশেমকে ক্লোজড করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ। 
 
জানা গেছে, গত ৭ অক্টোবর রাতে নগরীর তেলীপাড়া এলাকার ডিস ব্যবসায়ী রনি সরকারের (২৫) নির্মাণাধীন বাড়ি থেকে চার রাউন্ড গুলিসহ দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন ইন্সপেক্টর আবুল কাশেম। পরে এ ঘটনায় রনি সরকারসহ পাঁচজনকে আটক করে পুলিশ। পুলিশ চলে যাওয়ার পর দুর্বৃত্তরা রনি সরকারের ডিস অফিসের ম্যানেজার আমির হামজাকে (৩২) কুপিয়ে হত্যা করে। পরে প্রকাশ পায়, ডিস ব্যবসা ও ঝুট ব্যবসা দখলের জন্য সাবেক এক ছাত্রলীগ নেতা সহযোগীদের দিয়ে অস্ত্র রেখে রনি সরকারকে ফাঁসাতে চেয়েছিল। আমির হামজাকেও ওই ছাত্রলীগ নেতার লোকজন খুন করে। ছাত্রলীগ নেতা ও তার লোকজন ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে ধামাচাপা দিতে চেয়েছিলে। 
 
এসব ঘটনা জেনেও রনি সরকারকে অস্ত্র মামলার আসামি করার উদ্যোগের অভিযোগ উঠে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। পরে তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ সুপার রবিবার বিকেলে তাকে প্রত্যাহার করেন। 
 
ইত্তেফাক/কেকে