ব্লু-হোয়েল গেম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৩:৪৬
 
আত্মহত্যায় প্ররোচনাকারী ব্লু-হোয়েল গেমের সকল লিঙ্ক বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। রিটে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।
 
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চে এই আবেদনের ওপর আজ শুনানি হতে পারে। রিটে বিশেষ কমিটি গঠন করে এ পর্যন্ত কারা এই গেমে আসক্ত হয়ে পড়েছে তাদের তালিকা করার পাশাপাশি কাউন্সেলিং এর ব্যবস্থা করারও নির্দেশনা চাওয়া হয়েছে।
 
রিট আবেদনকারীগণের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বলেন, এটি একটি মরণঘাতী গেম। এই গেম অবশ্যই বন্ধ করা উচিত। এটি করা না হলে কিশোর-কিশোরীরা আসক্ত হবে। ধ্বংস হবে তরুণ সমাজ।
 
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. কাউসার, অ্যাডভোকেট নূর আলম সিদ্দিক ও সুব্রত বর্ধন রিট আবেদনটি করেন। ঢাকার এক স্কুলছাত্রীর বাবা তার মেয়ের আত্মহত্যার জন্য এই ইন্টারনেট গেমকে দায়ী করার পর দেশজুড়ে বিষয়টি আলোচনায় উঠে আসে। 
 
ইত্তেফাক/আনিসুর