মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২৩:১৪

ড. ফজলুল হালিম চৌধুরী

আজ ৯ এপ্রিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরীর ২৩তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৭৬-১৯৮৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫-১৯৯১ সাল পর্যন্ত ইউনেস্কো দিল্লীতে বিজ্ঞান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৪-১৯৭৬ সাল পর্যন্ত মঞ্জুরী কমিশনের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে আজ মঙ্গলবার বিকাল ৪টায় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনস্থ মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে তার কর্মকালীন ও জীবনাদর্শের স্মৃতিচারণের উদ্দেশ্যে এক স্মরণালেখ্য সভার আয়োজন করা হয়েছে।

অধ্যাপক ডা. এম কবির উদ্দিন আহমদ

ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক প্রিন্সিপাল, ভাষা সৈনিক ও বিশিষ্ট শৈল্য চিকিত্সক অধ্যাপক ডা. এম কবির উদ্দিন আহমেদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি করিমগঞ্জে ১৯৩৪ সালের ৩১শে মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আজগর এবং মাতার নাম উমিরুন্নেসা চৌধুরী। তিনি ১৯৫৬ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। অধ্যাপক ডা. এম কবির উদ্দিন আহমেদ আমাদের মহান ভাষা আন্দোলনের একজন অন্যতম সংগঠক। ১৯৫২ সনের ভাষা আন্দোলনে এবং ঢাকা মেডিক্যাল কলেজ ব্যারাক প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার নির্মাণে অনবদ্য ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্রের উদ্যোগে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।