কিডনি রোগীদের চিকিত্সাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাভারে চালু হলো ২৫ শয্যাবিশিষ্ট দেশের বৃহত্তম ডায়ালাইসিস সেন্টার। গতকাল রবিবার বিশ্বস্বাস্থ্য দিবসে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে এই ডায়ালাইসিস সেন্টারটি রোগীদের ডায়ালাইসিসের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। এখানে দরিদ্র রোগীদের জন্য মাত্র ৮শ টাকায় কিডনি ডায়ালাইসিস সুবিধা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন— গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ এবং গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার এবং নেফ্রোলজি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক মামুন মুস্তাফি। এসময় অন্যান্যের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সন্ধ্যা রায়, গণবিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ, গণবিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হাসিন অনুপমা আজহারী, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম খরচে গুণগতমানের ডায়ালাইসিস সেবা প্রদান করছে। কম খরচের কারণে সার্ভিসের মান নিম্নমানের হয় এই ধারণা যে ঠিক নয় তার বড় প্রমাণ গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সেবা। উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ মে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই সেবা কার্যক্রম উদ্বোধন করা হয় এবং এ পর্যন্ত প্রায় পৌনে দুই লাখ ডায়ালাইসিস সেশন সম্পন্ন করা হয়েছে। অচিরেই এখানে আরো কিছু অত্যাধুনিক মেশিন সংযোজন এবং চার শিফটে সেবা প্রদান নিশ্চিত করার মাধ্যমে প্রতিদিন অন্তত একশটি ডায়ালাইসিস সেশন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়।
