ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ীতে এ দুর্ঘটনায় চালকসহ ৩জন গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে সোনারগাঁও হাইওয়ে থানা পুলিশের টিআই তৈয়বুর রহমান, নায়েক বোরহান উদ্দীন, এএসআই রিপন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে আহতদের উদ্ধার করেন। পরে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুমিল্লা জৈনপুর যাচ্ছিল যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো -১৪-৩৮২৪)। কাঁচপুর ব্রিজ পার হয়ে নয়াবাড়ী এলাকায় পৌছুলে চলন্ত অবস্থায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সেখানে চালক ও শিশুসহ ৩ জন গুরুতর আহত হন। এ সময় সকল যাত্রী প্রাণ বাঁচাতে দ্রুত নামার চেষ্টা করে। হুড়োহুড়িতে আরও অনেকে আহত হন।
গাড়িটি কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু
