‘ভিন্ন চরিত্রে নিজেকে প্রথমবার ভাঙতে পারলাম’

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:০৮

বিনোদন রিপোর্ট

 

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। রোমান্টিক নাটকের পাশাপাশি অন্য চরিত্রে দেখা গেলেও এবার  তাকে দেখা যাবে ভিন্ন এক রূপে। এ জন্য তার ভক্তদের অপেক্ষা করতে হবে বিজয় দিবসের দিনটি পর্যন্ত। প্রতিবছরের মতো এবারো বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বিজয় দিবসের বিশেষ নাটক ও অনুষ্ঠান। সেই ব্যস্ততা নিয়ে চলতি সময়ে রয়েছেন ছোটপর্দার তারকারা। এবার একটি বিজয় দিবসের নাটকে অভিনয় করেছেন সাফা।

এদেশের অসংখ্য টেলিভিশন নাটকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা উঠে এসেছে প্রবলভাবে। সেই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ এবং নাগরিক ইট-পাথরের ব্যস্ত শহরে মুক্তিযুদ্ধ ও দেশ মাতৃকার প্রতি ভালোবাসার আকুতি কতটুকু—এমন প্রশ্নকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘পতাকা’। নাটকটি রচনা করেছেন রুদ্র মাহফুজ ও পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। সাফার বিপরীতে নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সাফা কবির বলেন, ‘প্রথমেই বলবো, এটি গতানুগতিক কোনো গল্পের নাটক নয়। গতানুগতিক ধারা থেকে ভিন্ন চরিত্রে নিজেকে প্রথমবার ভাঙতে পারলাম। নাটকে আমার চরিত্রের নাম মালেকা। বাসাবাড়িতে ছোটা ঝি-এর কাজ করি। স্মৃতি আর শেকড় মানুষকে সবসময় তাড়িত করে এবং মুক্তিযুদ্ধ আমাদের মনোভূমিতে যে আশ্চর্য বিস্তার করে আছে, সেটি এ নাটকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে উম্মোচিত হবে বলে ধারণা করছি। নাট্যকারের বোধ ও মনন থেকে পরিচালক পরিশীলিত ছন্দে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং এভাবে নাটকটি শৈল্পিক অভিমুখতায় নতুন পথ খুঁজে পেয়েছে। বিশেষ করে পরিচালক সাইফ ভাইয়ের ইউনিট ছিল অসাধারণ। সবাই কাজের ক্ষেত্রে সাহায্য করেছেন।’ ১৬ ডিসেম্বর বিজয় দিবসে নাগরিক টিভিতে প্রচার হবে নাটকটি।