সাভারস্থ ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) একটি কারখানায় বাত্সরিক বেতনভাতা বৃদ্ধিসহ প্রায় ২১টি দাবিতে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। এঘটনায় কারখানাটির প্রায় দুই হাজার শ্রমিক দাবি আদায়ে বিক্ষোভসহ কর্মবিরতি পালন করে। সোমবার সকালে ডিইপিজেডের নতুন জোনে অবস্থিত রিংসাইন গ্রুপের শাইন ফ্যাশন লি. নামক তৈরি পোশাক কারখানায় এ শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, তারা ন্যায্য দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন। বর্তমান বাজারের দ্রব্য মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের বেতনভাতা বৃদ্ধির কোনো বিকল্প নেই; কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো কথা না বলে উল্টো ঝুট ব্যবসায়ী ও ভাড়াটিয়া লোকজন দিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাদের দাবি থেকে সরে আসতে হুমকি দিচ্ছে। শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
