মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে (বাংলাদেশ সময় সন্ধ্যায়) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়। বৈঠকে আলোচনার বিষয়ে দুই পক্ষই এ রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জানায়নি। তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে পূর্ব নির্ধারিত এজেন্ডার অনেক কিছুই আলোচনা হয়েছে। সেখানে নিরাপত্তা পরিস্থিতি, বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচন, নতুন সরকার, মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গা সংকটে মার্কিন সহায়তা অব্যাহত রাখা, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো সম্প্রসারণসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র দফতরের প্রিন্সিপাল ডেপুটি এসিস্ট্যান্ট সেক্রেটারি এলিস জি ওয়েলস এবং পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়া উদ্দিন। মোমেন-পম্পেও বৈঠকের জন্য বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারও এখন ওয়াশিংটনে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, পম্পেও’র সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দফতরের তিন ব্যুরো প্রধানের সঙ্গে যৌথ বৈঠক করবেন মন্ত্রী মোমেন। ব্যুরো তিনটি হচ্ছে দক্ষিণ এশিয়া ব্যুরো; গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরো এবং জনসংখ্যা, উদ্বাস্তু ও অভিবাসনবিষয়ক ব্যুরো।
এদিকে বাংলাদেশে মার্কিনিদের ভ্রমণে সতর্কতা জারির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের ব্যাপারে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র দফতরের বিভিন্ন বৈঠকে এ বিষয়টি উত্থাপন করতে পারে বাংলাদেশ।
