খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দল ও ঐক্যফ্রন্ট যুগপত্ আন্দোলন করবে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০১:০৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্ট যুগপত্ আন্দোলন করবে। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলে কোনো বিভেদ নেই। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দল পাশাপাশি আন্দোলন করবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ২০ দলের নেতারা বৈঠকে অংশ নেন।

নজরুল ইসলাম খান বলেন, সুচিকিত্সার স্বার্থে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে ২০ দল। জোটনেত্রীর মুক্তির দাবিতে ২০ দলীয় জোটভুক্ত দলগুলো নিজ নিজ দলের হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে। ২০ দলের ব্যানারেও কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, ২০ দল গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে।

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারকে বাংলাদেশ সরকারের চিঠি প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে তা যুক্তরাজ্য সরকারের অজানা নেই। অতীতেও এ ধরনের চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি।