বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের নাটক মুগ্ধ করলো দর্শকদের। স্নায়ুবিক প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশুদের পরিবেশনা দেখলে মন জুড়িয়ে যায়। মনে হয়, সব শিশুই সময় ও সুযোগ পেলে নিজেদের মেধা প্রকাশ করতে পারে। গতকাল মহিলা সমিতি মঞ্চে এই স্নায়ুবিক প্রতিবন্ধী শিশুরা তা আবার প্রমাণ করে দেখালো। এই শিশুদের নিয়ে গঠিত কারিশমা সাংস্কৃতিক দলের মঞ্চ নাটক ‘মানচিত্রের জন্য’ মঞ্চায়ন করে তারা।
এর আগে গতকাল মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম হলে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার আয়োজন করে অটিজম সচেতনামূলক অনুষ্ঠান ‘উত্তরণ’ এর। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, অভিনেত্রী মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস, বিনিয়োগ বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান কাজী আমিন, আগা খান ফাউন্ডেশনের আবাসিক প্রতিনিধি মুনির মেরালি প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজিদা রহমান ড্যানি।
পদাতিকের ‘বেদের মেয়ে’
বেদে জাতির জীবনাচার ও তাদের ওপর নির্মম অত্যাচারের গল্প নিয়ে শিল্পকলা একাডেমিতে পদাতিক নাট্য সংসদ মঞ্চায়ন করেছে করুণ কাহিনীর নাটক ‘বেদের মেয়ে’। নাট্যদলটি আয়োজিত সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোত্সবের চতুর্থ সন্ধ্যায় গতকাল একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। পল্লীকবি জসীমউদিদন রচিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামছি আরা সায়কা, মমিনুল হক দীপু, মোহাম্মদ ইমরান খান, আফরোজা পিংকি, পুষ্প, জাবেদ পাটোয়ারি, সাখাওয়াত হোসেন শিমুল প্রমুখ।
