জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন একমাত্র জীবিত সদস্য সাবেক মন্ত্রী, খুলনা-বাগেরহাটের রাজনীতির কিংবদন্তি পুরুষ শেখ আবদুল আজিজ (৯০) আর নেই। গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকার গুলশান-১-এ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শেখ আবদুল আজিজ ১৯২৯ সালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শেখ আবদুল আজিজ বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদের যোগাযোগ, কৃষি, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ছিলেন। স্বাধীনতা ঘোষণা কমিটির আহ্বায়ক শেখ আবদুল আজিজ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রবাসী সরকারের ৯ নম্বর সেক্টরের লিয়াজোঁ কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। শেখ হাসিনা সোমবার এক শোক বার্তায় মুক্তিযুদ্ধ ও রাজনীতিতে শেখ আবদুল আজিজের অবদান স্মরণ করেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শেখ আবদুল আজিজ বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় কৃষিমন্ত্রী ছিলেন। এছাড়া উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, শেখ হেলালউদ্দিন এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল হক তালুকদার, সাবেক এমপি মীর শওকাত আলী বাদশাসহ বিভিন্ন স্তরের নেতা গভীর শোক প্রকাশ করেছেন।
আবদুল আজিজের জানাজা বুধবার, দাফন বনানীতে
এদিকে আবদুল আজিজের প্রথম নামাজে জানাজা আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সোমবার রাতে সদ্যপ্রয়াত আবদুল আজিজের বাসভবনে যান আওয়ামী লীগের নেতারা। পরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, আবদুল আজিজের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আগামী ১০ এপ্রিল সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে গুলশানের আজাদ মসজিদে। পরবর্তীতে বনানীর কবরস্থানে দাফন করা হবে। আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মো. আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী।
