বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোল নিয়ে সরকারের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চিকিত্সা ও জামিনে বাধা দেওয়ার পেছনে সরকারের নীলনকশা এখন দিনের আলোর মতো স্পষ্ট হতে শুরু করেছে। আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিত্সা নিয়ে নিষ্ঠুর তামাশা করছেন। প্যারোল নয়, খালেদা জিয়াকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। পিজি হাসপাতালে তাঁর চিকিত্সার যথাযথ ব্যবস্থা নেই। ডাক্তারদের দিয়ে গঠিত বোর্ড জানায় তাঁর রোগ নির্ণয় ও চিকিত্সায় কোনো অগ্রগতি নেই। তারাও স্বীকার করছেন খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। আমরা জেনেছি, তিনি একেবারেই হাঁটাচলা করতে পারছেন না। বেগম জিয়ার শারীরিক অবস্থার ক্ষতিকর কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, তাঁকে সাজানো মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে এক বছরের বেশি সময় বন্দি রাখা হয়েছে। জামিন পাওয়া তাঁর নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, অধ্যাপিকা সাহিদা রফিক, কেন্দ্রীয় নেতা মুনির হোসেন, আবদুল আউয়াল খান, কৃষক দলের ভিপি ইব্রাহিম, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
