খালেদা জিয়াকে মুক্ত করতে আইনি প্রক্রিয়া ছাড়া পথ নেই :হানিফ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০১:০৫

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায়ই মুক্ত করতে হবে। এর বাইরে অন্য কোনো উপায় নেই। আন্দোলনের হুমকি দিয়ে লাভ হবে না। আইনি প্রক্রিয়ার বাইরে অন্য কোনো পথ খুঁজে লাভ হবে না। গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটি আয়োজিত ভবনের কর্মদক্ষতা ভিত্তিক অগ্নি সুরক্ষা: বর্তমান প্রেক্ষিত শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খালেদা জিয়ার রোগ মুক্তি নয়, তার চিকিত্সা নিয়ে রাজনীতি করা বিএনপির মূল লক্ষ্য। তার প্যারোলে মুক্তির জন্য যদি আবেদন করা হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।

হানিফ বলেন, বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হলো কারাগারে খালেদা জিয়া কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, সুচিকিত্সা দেওয়া হচ্ছে না। যেহেতু খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তাই তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষকে বঙ্গবন্ধু মেডিক্যালে চিকিত্সার নির্দেশ দেওয়া হয়। বঙ্গবন্ধু মেডিক্যালে এনে তার চিকিত্সা দেওয়া হচ্ছে। আসলে খালেদা জিয়ার রোগ মুক্তি চায় না বা সুস্থতা নয়, খালেদা জিয়ার চিকিত্সা নিয়ে রাজনীতি করাই বিএনপির মূল লক্ষ্য। খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে কথা উঠেছে। যদিও খালেদা জিয়ার পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। হানিফ বলেন, কারাগারে খালেদা জিয়া যে সুযোগ সুবিধা পাচ্ছেন একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বিশ্বের কোথাও কেউ এত সুবিধা পায় না। একজন সাজাপ্রাপ্ত আসামির চিকিত্সা হয় জেল কোড অনুযায়ী। কিন্ত খালেদা জিয়াকে আইন বহির্ভূতভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, রাজউকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ।