মাগুরায় আহত কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৪:১২
 
পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লো মাগুরার শালিখা উপজেলার নাঘোষো গ্রামের কলেজ শিক্ষার্থী শিমুল মিয়া (১৭)। পূর্ব বিরোধের জের ধরে গত ১৪ অক্টোবর শালিখার সিংড়ায় বিহারীলাল শিকদার কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে প্রতিপক্ষরা তাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
 
শিমুল মিয়া ওই গ্রামের গোলাম সরোয়া ছেলে। শিমুলের মা ফেরদৌসি বেগম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট পূর্ব বিরোধের জের ধরে পার্শ্ববর্তী চেঙ্গারডাঙ্গা গ্রামের জাকারিয়ার নেতৃত্বে ৬বখাটে গত ১৪ অক্টোবর সকালে শিমুলকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শিমুল মারা যায়।
 
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, নিহত শিমুলের লাশ ঢাকা থেকে ময়না তদন্ত শেষে মাগুরায় আসার পর মামলা হবে। আসামিদের গ্রেফতারের বিষয়ে পুলিশ সচেষ্ট রয়েছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান