খুলনায় ছাত্রলীগ নেতাসহ আটক ২

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৮:০১
 
খুলনায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হিরক (২৭) ও মো. কাজল (৩০) নামের দুজনকে আটক করেছে র‌্যাব-৬। তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলি ও মাদক দ্রব্য পাওয়া যায়। র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
 
র‌্যাব জানায়, খুলনা সদর থানার ছোট মির্জাপুর এলাকার ১৭/৩ নম্বর হাসান ম্যানসনের তৃতীয় তলায় দুপুর ১টার দিকে অভিযান চালায় র‌্যাব-৬। তৃতীয় তলার একটি কক্ষে মো. কাজল নামের ওই যুবক ভাড়া থাকত। সেখানে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণির যুবকদের আনাগোনা হতো। বাড়ির মালিক তাদেরকে বাসা ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করলেও কোনো লাভ হয়নি। র‌্যাব সদস্যরা খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে মাদক ও গুলিসহ মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হিরক ও কাজলকে আটক করে।
 
র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি