স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের শান্তির জন্য আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দিন। আগামী নির্বাচনে জঙ্গিবাদের মদদ দাতা ও একাত্তরের ঘাতকদের ভোট না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জনগণের কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তিনি বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরে মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করা উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
কাজিপুর উপজেলা হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত পরিবার পরিকল্পনা অধিদফতরের এমসিএএইচ বিভাগ আয়োজিত অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক সরকার বকুল।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোস্তফা সারোয়ার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আ খ ম মহিউল ইসলাম, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ইরতিজা আহসান, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম, উপপরিচালক শাহিন হাসান, ঢাকা বনানী গুলশান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
