নিউইয়র্কে বাংলাদেশিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্রঙ্কসে সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টায় ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত স্টারলিং বাংলাবাজার এলাকায় বাংলাদেশি কমিউনিটি অব ব্রঙ্কস এই সমাবেশের আয়োজন করে।
বাংলাবাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি ইউনিয়নপোর্ট রোডে গিয়ে শেষ হয়। জুমার নামাজের পরপরই কর্মসূচিতে বাংলাবাজার জামে মসজিদের মুসল্লিসহ জড়ো হন দল-মত-বর্ণ নির্বিশেষে বিপুল প্রবাসী। তারা বাংলাদেশিদের ওপর ছিনতাইকারীসহ অন্যান্য সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারা এসময় ‘ছিনতাইকারী-সন্ত্রাসমুক্ত ব্রঙ্কস চাই’সহ নানান স্লোগান দেয়া হয়।
কর্মসূচি চলাকালে গ্লিব অ্যাভিনিউ ও গ্লোভার স্ট্রিট এলাকায় সংক্ষিপ্ত এক সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, নিউইয়র্ক সিটির সাবেক পুলিশ কমিশনার জো রামোস এবং ভিকটিম মুশফিকুর চৌধুরী রাহাত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসিক্টের কমান্ডিং অফিসার ইন্সপেক্টর ফাস্টো বি পিসারডো, ৪৫ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিটের অফিসার জন সাউহরাডাসহ পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্রঙ্কসে মুশফিকুর চৌধুরী রাহাত নামে এক বাংলাদেশি যুবক ছিনতাইকারীর হামলার শিকার হন গত ১৪ অক্টোবর শনিবার। রাত প্রায় সাড়ে ১০ টায় ব্রঙ্কসের গ্লিব এভিনিউ ও গ্লোভার স্ট্রিট এলাকায় কিউ এনালিস্ট মুশফিকুর চৌধুরী রাহাতকে (২৬) তিন স্প্যানিশ যুবক এলোপাথাড়ি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে। ওই এলাকায় বসবাস করেন ভিকটিম রাহাত। তার দেশের বাড়ি সিলেটের আম্বরখানায়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর ব্রঙ্কসে বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. খবির উদ্দিন ভূইয়া (৫৮) সন্ত্রাসী হামলার শিকার হয়। ওইদিন রাত প্রায় আট টায় ব্রঙ্কসের ক্যাসলহিল সাবওয়ের অদূরে ক্যাসলহিল এবং স্টারলিং অ্যাভিনিউর কর্নারে মো. খবির উদ্দিন ভূইয়াকে ৪-৫জন যুবক এলোপাথাড়ি কিলঘুষি মেরে মারাত্মক জখম করে। খবির উদ্দিন ভূইয়ার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি সপরিবারে দীর্ঘদিন ওই এলাকায় বসবাস করছেন।
ইত্তেফাক/জামান
