কানসাস বিশ্ববিদ্যালয়ে হ্যাক করে ফেল করা বিষয়ে এ গ্রেড!

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৮:৫০
মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হ্যাকিং করে নিজের ফেল করা বিষয়ে এ গ্রেড করে ফেলেছিল। হ্যাকিংয়ের এই বিস্ময়কর ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের সিনেট মিটিংয়ে প্রকাশ করা হয়।
 
অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক রন ব্যারেট গনজালেস বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী এই কাণ্ড ঘটিয়েছে। ওই শিক্ষার্থী কি স্ট্রোক লগার ব্যবহার করে ফ্যাকাল্টি মেম্বারদের লগইন তথ্য ও পাসওয়ার্ড চুরি করে তার ফলাফল পরিবর্তন করে ফেলে। ব্যারেট বলেন, আমি বিস্মিত হয়েছি এই জন্য যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা লুকিয়ে রেখেছে। এই (কি স্ট্রোক লগার) বিষয়গুলো হটকেকের মত ইন্টারনেটে বিক্রি হচ্ছে।
 
কি স্ট্রোক লগার অনেক সময় দেখতে ইউএসবি ড্রাইভের মত হয় এবং সাইবার অপরাধীরা পাবলিক কম্পিউটার থেকে ব্যক্তিগত তথ্য চুরি করতে ব্যবহার করে থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সিকিউরিটি বিঘ্নিত হওয়ার কথা নিশ্চিত করেছে এবং বলেছে, বিষয়টার প্রভাব ছিল সীমিত এবং ধরা পড়ে গেছে বিষয়টি।
 
ব্যারেট বলেন, ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে এই বিষয়ে গুরুতর শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আমাদের গুরুতর শঙ্কা হচ্ছে যে আমাদের ব্যাংক একাউন্টের তথ্যও হয়তো এর মাধ্যমে চুরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ওই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।  এপি ও লরেন্স জার্নাল ওয়ার্ল্ড  
 
ইত্তেফাক/সাব্বির