পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক ধারা বজায় রাখতে বদ্ধপরিকর। বাংলাদেশ একটি সর্বধর্মের সম্প্রীতির দেশ। এদেশের প্রতি সকল ধর্মের লোকদের অবদান রয়েছে। স্বাধীনতা সংগ্রামে কোন ধর্মের উপর নয় দেশের প্রতি ভালোবাসায় সকল ধর্মের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশকে স্বাধীন করেছে।
শনিবার কুমিল্লার কোটবাড়ি এলাকায় থাইল্যান্ড-বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং ইয়াং ম্যান্স বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ও সংঘরাজ জ্যোতিপাল মহাথেরো ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়োর উদ্বোধন এবং কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মহামানব গৌতম বুদ্ধের মৈত্রী ও করুণার বাণী ধারণ করে অসম্প্রদায়িক চেতনায় জাতিরজনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে।
শ্রীমৎধর্ম রক্ষিত মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপালী মণ্ডল, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রফেসর অসিত রঞ্জন বড়ুয়া, সংঘরাজ জ্যোতিপাল মহাথেরো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শ্রীমৎশীলভদ্র মহাথেরো প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
