যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক রুহানির

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:১২

 ‘অপরাধীদের জন্য লাল গালিচা সম্বর্ধনার’ পরিবর্তে বিশ্বের মুসলমানদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। গতকাল শনিবার তিনি এমন কথা বলেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ইসলামি ঐক্য নিয়ে তেহরানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমের কাছে বশ্যতা স্বীকার করা হবে আমাদের ধর্মের বিরুদ্ধে এবং এই অঞ্চলের পরবর্তী প্রজন্মের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা।’ ওয়াশিং-টনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের যেকোনো একটি বেছে নিতে হবে, অপরাধীদের জন্য লাল গালিচা সম্বর্ধনা অথবা শক্তিশালীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং আমাদের নবী, আমাদের কোরআন এবং আমাদের ইসলামের প্রতি বিশ্বাসী থাকা।’

রুহানি বলেন, ‘সন্ত্রাসবাদ, আগ্রাসন এবং পরাশক্তিগুলোর বিরুদ্ধে সৌদি জনগণের স্বার্থ রক্ষা করতে আমরা প্রস্তুত।’ সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির বরাত দিয়ে তিনি আরো বলেন, ‘... এবং এটা করতে আমরা ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার চাইবো না।’

চলতি বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে করা আন্তর্জাতিক একটি চুক্তি থেকে বের হয়ে গিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। চুক্তিটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন এবং সিরিয়া, ইয়েমেন, লেবানন ও ইরাকে যুদ্ধরত বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দেওয়ার বিষয়গুলো নিয়ন্ত্রণের কথা উল্লেখ না থাকায় এটি পরিপূর্ণ হয়নি বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।  ট্রাম্পের এসব পদক্ষেপে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।