বাংলাদেশ-ভারত-প্রবাসবাংলার সংস্কৃতিসেবী সংগঠন ‘তিনবাংলা’। ১১ মার্চ আয়োজন করেছিল প্রবাসনারী সম্মেলন ২০১৯। ঢাকার সেগুনবাগিচায় প্রিয় প্রাঙ্গণ আখতারি ইমাম মিলনায়তনে বসেছিল গুণীজনদের মিলনমেলা। প্রধান অতিথি ছিলেন সংগীত-সাহিত্য ব্যক্তিত্ব মুস্তফা জামান আব্বাসী। উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইটের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের উদ্যোক্তা ড. শাহজাহান মাহমুদ। সম্মানিত অতিথি ছিলেন নিউ ইয়র্ক তিনবাংলা ও ফোবানা সভাপতি নার্গিস আহমেদ। এছাড়া বাংলা টিভির পরিচালক বৃটেনবাসী ড. দিনাক সোহানী। ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। সভাপতিত্ব করেন তিনবাংলার গ্লোবাল সভাপতি কবি-সাংবাদিক সালেম সুলেরী। স্বাগত বক্তব্য দেন তিনবাংলার মহাসচিব অতিরিক্ত সচিব গোলাম শফিক।
বিশ্ব নারী দিবসের আলোকে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এছাড়া ১১ মার্চ আব্বাসউদ্দীন-পত্নী লুত্ফুন্নেসা আব্বাসের ১৬তম প্রয়াণ দিবস। প্রবাসের ১২ গুণীজনকে দেওয়া হয় ‘কবি লুত্ফুন্নেসা আব্বাস সম্মাননা।’ সম্মাননা পেয়েছেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ড. পূরবী বসু। ফোবানা ২০১৯-এর সভাপতি সংস্কৃতিসেবী নার্গিস আহমেদ। কবি-চিকিত্সক ডা. রওনক আফরোজ। নিউ ইয়র্ক প্রবাসী কবি-অনুবাদক রওশন হাসান। কানাডা প্রবাসী কবি ফেরদৌস নাহার। কবি-কথাশিল্পী জাহানারা বুলা। জার্মান-অ্যামেরিকার কথাশিল্পী শেলি জামান খান। লন্ডন প্রবাসী নারী-উদ্যোক্তা পলি ইসলাম, এমবিই। আইটি খাতের উদ্যোক্তা যুক্তরাষ্ট্র প্রবাসী ফারহানা হানিফ। ক্যালিফোর্নিয়া প্রবাসী পরিবেশ বিজ্ঞানী নাসরিন আলম। ১২৫ দেশছোঁয়া বিশ্বপর্যটক সুইডেন প্রবাসী নাজমুন নাহার। প্যারিস-প্রবাসী নারী অধিকার নেত্রী তৌফিকা শাহেদ।
তিনবাংলার পক্ষে কথা-কবিতায় অংশ নেন সাত কুশীলব। সাংস্কৃতিক সম্পাদক আবৃত্তিশিল্পী সীমা ইসলাম। সাংগঠনিক সম্পাদক কবি ফেরদৌস সালাম। মুক্তিযোদ্ধা-পদ্যকার শেখ নূরুদ্দিন। আবৃত্তিকার বদরুল আহসান খান। কবি ইমরুল কায়েস, শ্রুতি খান। কণ্ঠশিল্পী কাজল মেহমুদ প্রমুখ। অনুষ্ঠান সমন্বয় করেন এনআরবি নিউজের সাংবাদিক ওমর আলী। সঙ্গে কবি-সাংবাদিক আলম শামস। এ কে আজাদ, জাকিয়া কানিজ, আরিফ ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশে ফোবানা সম্মেলনের প্রস্তাব ওঠে। শত সংগঠককে সম্মাননা জানানোরও ঘোষণা আসে। প্রস্তাবটি উত্থাপন করেন অনুষ্ঠান সভাপতি কবি সালেম সুলেরী। প্রস্তাবিত তারিখ ২৮, ২৯, ৩০ জুন, ২০১৯। তিনবাংলা, বাংলাদেশ হবে স্বাগতিক সংগঠন। আয়োজনের প্রতিটি পর্ব ছিল মুগ্ধতা ছড়ানো।
