নারীর ক্ষমতায়নে সহায়ক কৃষি ও ব্লু-গোল্ড

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৭:১৮

 

উন্নত কৃষি এবং পানি ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার কৃষিজ উত্পাদন এবং স্থানীয় পর্যায়ে ক্ষমতায়নে কাজ করছে নেদারল্যান্ডস এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগের ব্লু-গোল্ড কর্মসূচি। এর মূল লক্ষ্য ভূমির বৈচিত্র্যপূর্ণ ও সমন্বিত ব্যবহারের মাধ্যমে পোল্ডার এলাকায় কৃষি-ফল-ফসল-মাছের উত্পাদন, আয় বৃদ্ধি এবং কাজের সুযোগ সৃষ্টি। ২০১৩ সালে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ সাত বছর। প্রকল্প এলাকা— বরগুনা, পটুয়াখালী, খুলনা ও সাতক্ষীরা জেলার ১৪টি উপজেলায় ২২টি পোল্ডারের এক লক্ষ ১৯ হাজার হেক্টর। উদ্দেশ্য উন্নত এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার মাধ্যমে এলাকার মানুষের দারিদ্র্য হ্রাস করা। পোল্ডার এলাকায় কৃষিই অর্থনীতির মূল চালিকাশক্তি। এই প্রোগ্রামের আওতায় কৃষি, মত্স্য, হাঁস, মুরগী, গবাদীপশু পালন এবং সমন্বিত বাজার উন্নয়নে কার্যক্রম চলমান আছে। পানি ব্যবস্থাপনা দলের সদস্যদের যথাযথ কৃষি, প্রাণী সম্পদ, মত্স লালন পালন, খাবার ও ভ্যাকসিন বিষয়ে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে এসবের উত্পাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। দলের বাইরের অন্যরাও এ কাজে উত্সাহিত হচ্ছেন। শুরু থেকেই স্থানীয় পানি ব্যবস্থাপনা দলে অন্তত ৩৩ শতাংশ নারী সদস্য আছে, তাদের সক্রিয় অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ দেয়া হয়। নারী সমাজের আয় বৃদ্ধির মাধ্যমে ক্ষমতায়ন একটি প্রক্রিয়া, এটি রাতারাতি পরিবর্তন হওয়ার নয়। তবে অল্প পরিবর্তন হলেও বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম হয়েছে চিঙ্গুরিয়া গ্রাম। সেখানে একটি দলে ২৫ জন নারীকে সাপ্তাহিক কৃষির মাঠ স্কুলে প্রশিক্ষণ দেয়া হয়েছে। অবকাঠামোর যত্ন নেয়া, পানি ব্যবস্থাপনার পাশাপাশি হাঁস-মুরগী-গরু-মাছ পালন, ভ্যাকসিন দেয়া ও ফসল-সবজি-ফলের বাগান করা এসব  বিষয় প্রশিক্ষণ দেয়া হয়।