মার্কিন সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এসডিএফ (সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস) সিরিয়ার সর্ববৃহৎ তেলক্ষেত্র আল-ওমরের নিয়ন্ত্রণ নিয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আয-যোরে অবস্থিত এ তেলক্ষেত্রটি এতদিন আইএসের দখলে ছিল।
এসডিএফের মুখপাত্র লায়লা আল-আব্দুল্লাহ দাবি করেন, আল-ওমর তেলক্ষেত্রটি দখলে নিতে তারা রবিবার সকালে বড় ধরনের সামরিক অভিযান চালায়। এ অভিযানে আইএস পালিয়ে যায়। এখন তারা তেলক্ষেত্রের আশ-পাশের ভবনগুলো দখল করার চেষ্টা করছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটসও জানিয়েছে যে, এসডিএফ তেলক্ষেত্রটির ভিতরে প্রবেশ করেছে।
কিছুদিন আগেই আইএসের একটি হামলার পর এই অঞ্চল থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পরই এসডিএফের আল-ওমর দখলের খবর এল। লড়াই চালানোর ব্যয় নির্বাহের জন্য এসডিএফের একটি গুরুত্বপূর্ণ অর্থ সংগ্রহের উৎস হতে যাচ্ছে আল-ওমর।
সম্প্রতি আসাদ সরকারের অনুগত বাহিনী রাশিয়ার বিমান বাহিনীর সহায়তায় ইউফ্রেটিস্ নদীর পশ্চিম তীরবর্তী কিছু এলাকা দখলে নিয়েছে। আল-ওমর দখলের সময় সিরিয়ান বাহিনী মাত্র কয়েক কিলোমিটার দুরে অবস্থান করছিল। গতমাসে এসডিএফ কোনোকো গ্যাসক্ষেত্রটি দখল করে নেয়। এই সপ্তাহের শুরুর দিকে মার্কিন সমর্থিত গোষ্ঠীটি আইএসের রাজধানী হিসেবে পরিচিত রাকা প্রদেশটিও দখলের ঘোষণা দেয়। মার্কিন সমর্থিত সশস্ত্র এ গোষ্ঠীকে স্বীকার করে না আসাদ সরকার। আল-জাজিরা।
ইত্তেফাক/সাব্বির
