কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও ২ হাজার ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতাকে হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ইয়াবা বহনের জন্য বিশেষ কৌশলে তৈরি স্টিলের একটি প্লেটও জব্ধ করে অভিযানকারীরা। প্লেটটি শক্তিশালী চুম্বক দিয়ে তৈরি।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
আটক ব্যক্তিরা হলো, টেকনাফ শাহপরীর দ্বীপ এলাকার মৃত ইমাম শরীফের স্ত্রী খুরশিদা বেগম (৩৯) এবং কুড়িগ্রামের বুড়িঙ্গামারির ৪ নং ওয়ার্ড চরবুড়িঙামাড়ি এলাকার মৃত নাসির মোল্লার ছেলে মো. শহীদুল্লাহ (৩৩)।
আটককালে খুরশিদা বেগমের কাছ থেকে ইয়াবাগুলো কিনছিলেন শহীদুল্লাহ।
অভিযানে নেতৃত্ব দেয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, ইয়াবা বেচাকেনার খবর পেয়ে ইন্সপেক্টর ধনঞ্জয় চন্দ্র দেবনাথসহ সংশ্লিষ্টদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এডি সোমেন মন্ডল।
আটক শহীদুল্লাহ জানান, প্রতি হাজার ইয়াবা ৭০ হাজার টাকায় কেনার শর্তে ঢাকা থেকে সোমবার সকালে কক্সবাজার পৌঁছান তিনি। বিক্রেতা খুরশিদা স্বপরিবারে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও কয়েকবার কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে ঢাকায় নিয়ে বিক্রি করে। কুড়িগ্রাম বাড়ি হলেও দীর্ঘ ৮ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবা ব্যবসা করে চলেছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/নূহু
