চালসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে বিএনপির গভীর উদ্বেগ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ০৯:১৬
 
বিএনপির জাতীয় স্থায়ী কমিটি চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সরকারের ভ্রান্ত নীতিকে এই মূল্য বৃদ্ধির জন্য দায়ী করে অবিলম্বে মূল্যহ্রাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
 
গতকাল মঙ্গলবার বিএনপির এক প্রেস বিজ্ঞতিতে বলা হয়, সোমবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন  সরকার, তরিকুল ইসলাম, লে: জে: (অব:) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভায় সম্প্রতি দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
 
সভায় মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর অবর্ণনীয় নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও গৃহে অগ্নিসংযোগের কারণে নিজ ভূমি ছেড়ে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গার বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় গ্রহণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিতাড়িত রোহিঙ্গা অসহায় শিশু, নারী, পুরুষদের সাময়িক আশ্রয়, খাদ্য ও চিকিত্সা প্রদানের জন্য সরকার এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদে নাগরিকত্ব প্রদান করে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সরকারকে বাধ্য করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সকল ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
 
শরণার্থী রোহিঙ্গা জনগণের অমানবিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিএনপি চেয়ারপার্সন আগামী সপ্তাহে উখিয়া যাবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
 
আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস যথাযোগ্য মর্যাদার  সঙ্গে পালনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।                            
 
তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ
 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ পালন করেছে দলটি। পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে। সোমবার তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সংগঠনগুলো এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল। যুবদল সারাদেশের বিভিন্ন জেলা সদর ও মহানগরীতে বিক্ষোভ পালন করেছে। বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর কমিটিগুলো। দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
 
ইত্তেফাক/আনিসুর