জার্মান বিএনপির প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ

খালেদা জিয়াকে হেনস্তার সকল অপচেষ্টা রুখে দিবে জনগন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ০৪:৫৭

বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল বিএনপির জার্মান শাখার উদ্যোগে ফ্রাঙ্কফুর্ট শহরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জার্মান বিএনপি'র সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জার্মান বিএনপি'র সাধারণ সম্পাদক মাসুদ রেজা'র পরিচালনায় নেতৃবৃন্দ বলেন, সরকার বিরোধীদলশুণ্য বাংলাদেশ বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। জিয়া পরিবারকে হেয় করার জন্য একের পর এক মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। তবে সরকারের কোন অশুভ পরিকল্পনা সফল হবে না।

সভায় ভিডিও কনফারেন্সিং এ ঢাকা থেকে বক্তব্য রাখেন বিএনপি'র যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, গ্রেফতারি পরোয়ানা দিয়ে খালেদা জিয়ার মনোভাব-মনোবলকে দুর্বল করা যাবে না। তিনি শত অত্যাচার মাথায় নিয়ে জনগণের নেতৃত্ব দিচ্ছেন এবং দেবেন। জনগন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র ও তাঁকে হেনস্তার সকল অপচেষ্টা রুখে দিবে।

সভায় নেতৃবৃন্দ অবিলম্বে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের জোর দাবি জানান।

আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আমজাদ হোসেন,মোজান্মেল হক, সেলিম ব্যাপারী চঞ্চল, জুয়েল খান, কাউসার শামীম, জাহিদ হোসেন শ্যামল, শাখাওয়াত হোসেন সোহাগ, সেলিম রেজা, মন্জুর সরকার, দেলোয়ার হোসেন ঝন্টু, আসিফ ইকবাল ভূইয়া, নিয়াজ হাবিব, হায়াতুন্নবী রুমেল প্রমূখ।

ইত্তেফাক/নূহু