বিনোদন রিপোর্ট
প্রতিবারের মতো এবারো পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করা হয়েছে বৈশাখের বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্নধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড়যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। তারই ধারাবাহিকতায় এবারো পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করা হয়েছে বৈশাখের বিশেষ এই পাঁচফোড়ন।
এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ৩টি। খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথা ও মেহেদীর সঙ্গীত পরিচালনায় নববর্ষকে নিয়ে একটি গান গেয়েছেন শিল্পী প্রতীক হাসান। ঢাকার অদূরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে গানটি ধারণ করা হয়। আর একটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্রদেব। গানটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পংকজ। একটি দ্বৈতসঙ্গীত গেয়েছেন দিনাত জাহান মুন্নী ও পলাশ। কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তাপস।
পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত এই বিশেষ পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে টকশোর আঙ্গিকে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় বিশেষ করে নববর্ষ, বৈশাখী মেলা এসব নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে।
তারই ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমত্কার সব রিপোটিং। এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত বেশ ক’টি ঐতিহ্যবাহী বটগাছের ওপর রয়েছে একটি তথ্যবহুল প্রতিবেদন। আমাদের লোকসঙ্গীতের একটি অন্যতম উপাদান বাঁশি। আর পহেলা বৈশাখ এলে তো কথাই নেই, ছেলে-বুড়ো সবার হাতেই শোভা পায় বাঁশের বাঁশি। কিন্তু কোত্থেকে আসে এত বাঁশি! সেই উত্তর পাওয়া যাবে এবারের পাঁচফোড়নে। অনুষ্ঠানটি প্রচার হবে ১৪ এপ্রিল রাত ৮টায় এটিএন বাংলায়।
