মামলা তুলে না নেওয়ায় চৌগাছায় শিক্ষককে গাছে বেঁধে মারধর

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ০১:৫৯

যশোরের চৌগাছায় মশিয়ার রহমান (৩২) নামে এক স্কুল শিক্ষককে গাছে বেঁধে পিটিয়েছে দুর্বৃত্তরা। একটি ছিনতাই মামলা তুলে না নেওয়ায় তাকে দুর্বৃত্তরা পেটালো।

আহত মশিয়ার উপজেলার ছোট কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং গয়ড়া গ্রামের আলতাফ হোসেন খানের ছেলে।

ওই শিক্ষক জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তিনি বাড়ি থেকে পাশের বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের সাবেক ইউপি মেম্বার আতাউল হকের নেতৃত্বে মুন্তাজ আলী, শুকুর আলী, মজনু, রোস্তম, শামীম ও শামনুর তার পথরোধ করে। তারা তাদের নামে চৌগাছা থানায় দায়ের করা মামলা তুলে নিতে বলে। তিনি মামলা তুলে নিতে অস্বীকার করলে শুরু হয় মারধর। এক পর্যায়ে তাকে গাছে দড়ি দিয়ে বেঁধে বেদম মারধর করে।

এসময় মশিয়ারের স্ত্রী রুমা, মা মোমেনা বেগম ও প্রতিবেশী ফিরোজ খান তাকে উদ্ধার এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। বর্তমানে মশিয়ার, তার স্ত্রী ও মা চৌগাছা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

মশিয়ার অভিযোগ করেছে, এসময় তার কাছে থাকা একটি আই ফোন, নগদ দশ হাজার টাকা, একটি সোনার চেইন ও একটি সোনার আংটি ছিনিয়ে নেয়। উল্লেখ্য, মশিয়ারের ভাই জিয়াউর রহমান গত ৫ অক্টোবর ওই দুর্বৃত্তদের নামে চৌগাছা থানায় একটি ছিনতাই মামলা করে।

চৌগাছা থানার এসআই আকিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু