এএফপি ও আল জাজিরা
গাজা-ইসরাইল সীমান্তে গত শুক্রবার বিক্ষোভের সময় ইসরাইলি সৈন্যদের গুলিতে অন্তত ১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ মাসেই অস্ত্রবিরতি চুক্তির পর ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে এই সহিংসতার ঘটনা ঘটলো। এদিকে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের হেবরণ শহরে ফিলিস্তিনি তরুণের ওপর দিয়ে চালিয়ে দিয়েছে ইসরাইলি সেনাবাহিনীর একটি গাড়ি।
সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে গাজা-ইসরাইল সীমান্তের কাছে শুক্রবার হাজার হাজার লোক ফিলিস্তিনি বিক্ষোভে অংশ নেন। তবে এদিন বিক্ষোভকারীদের অধিকাংশই সীমান্ত থেকে দূরে থাকেন। বিক্ষোভকারীদের কেউ কেউ ইসরাইলি সৈন্যদের লক্ষ্য করে জ্বলন্ত চাকা বা দাহ্য পদার্থ বহনকারী বেলুন ছুঁড়ে মারেন। এ সময় ইসরাইলি সৈন্যরা গুলি চালান।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, সীমান্তে ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশু রয়েছে। শিশুটি গাজা ভূখন্ডের মধ্যাঞ্চলে আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে বুকে গুলিবিদ্ধ হয়।
