ভাঙ্গায় কলেজের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১২:৩৩
 
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনকে কেন্দ্র শুক্রবার সকালে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ২০ জন আহত হয়েছেন।
 
আহতরা হলেন, জাহাঙ্গীর খলিফা, আব্দুল হক, সেক শামচুল, হবি হাওলাদার, সূর্য হাওলাদার, মান্নান হাওলাদার, আওয়াল খলিফা, ওহিদ খন্দকার, মজিবর ফকির সহ প্রমুখ। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন জানায়, আগামী রবিবার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার দুপুরে প্রশাসন বিশেষ কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত করে দেয়। এতে করে এলাকার উত্তেজনার সৃষ্টি হয়। শুক্রবার সকালে দুই পক্ষের শত শত লোক নির্বাচনের পক্ষে মিছিল দিতে থাকলে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
 
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ বলেন, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মহোদয় নির্বাচন স্থগিত করলেও শুক্রবার সকালে তা প্রত্যাহার করে নেওয়া হয়। নির্বাচন আগামী রবিবারেই অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আমরা সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনিক সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
শরীফাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. সাখাওয়াৎ হোসেন জানায়, নির্বচনকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই উৎসবে আমেজ চলছিল। নির্বাচন ঘনিয়ে আসায় উভয় পক্ষের লোকজনের মধ্যে গত দুইদিন ধরেই ভেতরে ভেতরে উত্তেজনা চলছিল। নির্বাচন স্থগিত হওয়ার সংবাদে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত।
 
ইত্তেফাক/জামান