লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ওপারে শাকিব হোসেন (২০) নামে বাংলাদেশি এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি বুড়িমারা ইউনিয়নের মুগলিবাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে।
জানা গেছে, সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের কাছ দিয়ে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংবান্ধা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
এ ঘটনায় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)- এর ক্যাম্প কমান্ডার পর্যায়ে বুড়িমারী জিরো পয়েন্টে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানিয়েছে, ধৃত যুবকের নিকট পাসপোর্ট পাওয়া যায়নি। তিনি অবৈধভাবে ভারতের দুশ' গজ ভিতরে প্রবেশ করায় তাকে আটক করে মেকলিগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিএসএফ। পরে সেখানকার পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করেছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বাংলাদেশি আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
