গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ছাগলে ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই চাঁন মিয়া মহাজন (৪৫) এর ছোড়ার আঘাতে বড় ভাই সাইদুর রহমান (৫৫) নিহত বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান ও চাঁন মিয়া ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে নিহত সাইদুর রহমানের একটি ছাগল তার ছোট ভাই চাঁন মিয়া মহাজনের ক্ষেতের ধান গাছ খায়। এ ঘটনায় চান মিয়া তার বড় ভাই সাইদুর রহমানকে গালিগালাজ করে। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। হঠাৎ চাঁন মিয়া ধারালো ছোড়া দিয়ে সাইদুরের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়েছে। অভিযুক্ত চান মিয়াকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
ইত্তেফাক/জামান
