মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. খোকন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
খোকন নারায়ণগঞ্জের নবীনগর কেএমসি এয়ার গ্যাস ইন্ডাস্ট্রিজের সুপারভাইজার ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সতরোসি গ্রামের মো. নাদের উজ্জামানের ছেলে।
প্রত্যক্ষদর্শী মিনিট্রাক ডাইভার মো. তোফাজ্জল হোসেন বলেন, কুমিল্লায় বৃহস্পতিবার মাল ডেলিভারি করে (অক্সিজেন সিলিন্ডার) আসতে আসতে রাত দেড়টার মতো বেজে যায়। এক পর্যায়ে মুন্সীগঞ্জের গজারিয়া বালুয়াকান্দি এলাকায় যানজটে পড়ি। এ সময় দুইজন ছিনতাইকারী প্রথমে আমাকে ছুরি দিয়ে আটকে রেখে তল্লাশি করে কোন কিছু পায়নি। তখন আমার পাশে বসা ছিল আমাদের সুপারভাইজার খোকন। তার কাছে মাল ডেলিভারির টাকা ছিল। তাকে তল্লাশি করতে গেলে আমি গাড়ি থেকে বের হয়ে চিৎকার করতে থাকি। তাতে কেউ সারা দেয়নি। পরে আমি গাড়ির সামনে গেলে দেখা যায় খোকন আহত অবস্থায় পরে আছে। এর পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এনিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানার ওসি হারুন-অর-রশিদ জানান, রাত ৩টা দিকে খোকনকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/আরকেজি
