বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ভারতের ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ।
মুম্বাইয়ের একটি বিশেষ আদালতে দাখিল করা চার্জশিটে সন্ত্রাস দমন আইন ও ষড়যন্ত্রসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে।
এনআইএ আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলেছে, ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামের একটি বেআইনী সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা জাকির নায়েক তার বক্তৃতার মাধ্যমে ভারতের নানা ধর্মাবলম্বীদের মধ্যে যে বিদ্বেষ ছড়াতেন, তার প্রমাণ পাওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়, ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যম ও বাজেয়াপ্ত করা ডিভিডি ও সিডি থেকে জাকির নায়েকের যেসব ভাষণ পাওয়া গেছে, তা থেকে তার কার্যকলাপ সম্বন্ধে সন্দেহাতীত প্রমাণ পাওয়া গেছে। তিনি হিন্দু, খ্রীষ্টান এবং শিয়া, সুফি এবং বরেলভি সম্প্রদায়ের মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করতেন।
ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিসটিভিসহ জাকির নায়েকের ভাষণ প্রচারে যুক্ত আরও দুটি সংস্থাকে আগেই বেআইনী ঘোষণা করেছিল ভারত সরকার। ওইসব সংস্থায় বেশ কয়েকবার তল্লাশী চালিয়ে প্রমাণ ও নথি যোগাড় করেছে এনআইএ। এর ভিত্তিতে তদন্ত এজেন্সিটি জানিয়েছে, ওই সংস্থাগুলিকে যেসব দেশি বা বিদেশিরা চাঁদা দিতেন, তাদের নাম-ধাম কোথাও লেখা নেই। সব চাঁদাই সংগ্রহ করা হয়েছে ‘শুভাকাঙ্খীদের’ নামে।
ইত্তেফাক/ইউবি
